আদিবাসীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়দল সরকারপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধে শাফিউল ইসলাম (২০) নামের এক তরুণ নিহতের ঘটনায় গত শনিবার রাতেই মামলা হয়েছে। তবে উপজেলার হাবিবপুর চিড়াকুটা গ্রামের আদিবাসীদের ৫৫ বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়নি।
গতকাল রোববার হাবিবপুর চিড়াকুটা গ্রামে গিয়ে কয়েকজন আদিবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবারের ওই হামলার পর থেকে ক্ষতিগ্রস্ত ৫৫টি আদিবাসী পরিবারের কোনো চুলা জ্বলেনি। তাঁরা আতঙ্কে শনিবার সারা রাত নির্ঘুম কাটিয়েছেন। এ সময় আদিবাসীদের অনেককে বিধ্বস্ত বাড়ির আঙিনায় শুয়ে-বসে সময় কাটাতে দেখা যায়।
হামলার শিকার গৃহবধূ বিমলা হাসদা জানান, প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ কেজি করে চাল ও রান্না করার হাঁড়ি-পাতিল দেওয়া হয়েছে। কিন্তু কেউ চুলা ধরাননি। ক্ষোভ-দুঃখ আর কান্নায় সবাই খাওয়ার কথা ভুলে গেছেন।
রংপুর কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দিপালী টুডু জানান, ঘটনার পর থেকে বাবা যোশেফ টুডু ও চাচা মিখাইল টুডুসহ অনেকের খবর পাওয়া যাচ্ছে না। এ ছাড়া হামলাকারীরা ওই দিন ঘরে ঢুকে লুট করার সময় একটি ট্রাংকে রাখা তাঁর ও তাঁর ভাই ইলিয়াস টুডুর পরীক্ষা পাসের সব সনদপত্র, জমির যাবতীয় দলিল বের করে ছিঁড়ে ফেলে দিয়েছে।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম জানান, শাফিউলের চাচা জিয়াউল হক শনিবার রাতে থানায় একটি মামলা করেছেন। মামলায় ২৮ জন আদিবাসীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ঘটনার দিন সকালে এজাহার নামীয় ১৯ জন আদিবাসীকে স্থানীয় মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুলিশের হাতে তুলে দিয়েছেন। তবে আদিবাসীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় কোনো মামলা হয়নি।
এদিকে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন আদিবাসী ছাত্র পরিষদের সাত সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে গতকাল সকালে আদিবাসী পল্লিতে আসেন। সারা দিন সেখানে অবস্থান করে প্রতিনিধিদলের সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা ও ক্ষতির বিবরণ লিপিবদ্ধ করেন। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তাঁরা একটি করে কম্বল দেন।
সন্ধ্যায় প্রতিনিধিদলের সদস্যরা দিনাজপুরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে আসেন। এ সময় জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম বলেন, ‘দীর্ঘদিন ধরে সংগঠন করছি। দেশজুড়ে আদিবাসীদের ওপর নানা নির্যাতন দেখেছি। কিন্তু হাবিবপুর চিড়াকুটা গ্রামে যে তাণ্ডব চালানো হয়েছে তা কখনো দেখিনি।’
জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন জানান, আদিবাসী গ্রামটি এখন প্রায় পুরুষশূন্য। কিশোরীরা নির্যাতন আতঙ্কে দূরে স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে। কারও সঙ্গে বিরোধ হতে পারে। কিন্তু এমন ধ্বংসযোগ্য মেনে নেওয়া যায় না। সরকার-বেসরকারি সংগঠনসহ দেশের সর্বস্তরের সচেতন মানুষের উচিত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো।